ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
আবারও নতুন করে রাজনৈতিক আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। বুধবার (১২ আগস্ট) এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, খুব শিগগিরই যন্তর মন্তরে আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হতে যাচ্ছে। তবে কোন ইস্যুকে কেন্দ্র করে কিংবা কেন্দ্র সরকারের কাছে কী দাবিতে এই আন্দোলন করা হবে—তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়, অভিজিৎ দ্বীপকে তার বক্তব্যের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসঙ্গ টেনে বলেন, ‘ইন্সটাগ্রামে অনেকেই জানতে চাইছেন যন্তর মন্তর আন্দোলনের ‘সিজন-২’ কবে থেকে শুরু হবে। আমি তাদের জানাতে চাই, খুব শিগগিরই এই সিজন-২ অর্থাৎ আমাদের দ্বিতীয় পর্বের আন্দোলন শুরু হতে যাচ্ছে।’
প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টি সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে তরুণদের পরিচালিত বিভিন্ন স্থানীয় আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত করার তৎপরতা চালাচ্ছে। সম্প্রতি উত্তরপ্রদেশের হামিরপুরে স্কুলের জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে প্রায় ৩০০ শিক্ষার্থী ও ১০০ অভিভাবক ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসের দিকে মিছিল করলে অভিজিৎ দ্বীপকে তাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি মন্তব্য করেন, প্রায় এক দশক আগেই শিক্ষার্থীদের সুবিধার্থে এই রাস্তাটি সংস্কার করা সরকারের উচিত ছিল।
এদিকে নিজ দল পরিচালনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিজিৎ। তার অভিযোগ, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি তরুণদের শক্তিকে ভয় পায়। সে কারণেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা তৈরি করা হচ্ছে। অভিজিৎ দাবি করেন, তাদের দলীয় সভা বা বৈঠক আয়োজনের জন্য কোনো হল বা ভেন্যু ভাড়া পাওয়া যাচ্ছে না। উপর মহলের নির্দেশের অজুহাতে বুকিং বাতিল করা হচ্ছে এবং হল মালিকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।