১২ আগস্ট ২০২৬, ১৪:২৯

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি

সরকারিভাবে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু  © সংগৃহীত ও সম্পাদিত

ভারতে প্রথমবারের মতো সরকারিভাবে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে চালু হওয়া এ প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রকল্পটির আওতায় প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। গোমূত্র সংগ্রহের কাজে যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে।

যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার বলছে, এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর দেখভালেও প্রকল্পটি সহায়ক হবে বলে মনে করছে সরকার।

তবে সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি। দলটি প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ বলে আখ্যা দিয়েছে।

প্রাথমিকভাবে বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সফল হলে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।