সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ, পরিকল্পিত হত্যা ও নির্যাতনের দায়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং স্বজন আতেফ নাজিবকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রাজধানী দামেস্কের একটি আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
সিরিয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে বিরোধী শক্তিগুলোর জোরালো আক্রমণের মুখে প্রায় ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ব্যক্তিগত উড়োজাহাজে করে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল-আসাদ। বর্তমানে তিনি এবং তার ভাই মাহের আল-আসাদ রাশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন। বিচারে এই দুই ভাইয়ের অনুপস্থিতিতেই আদালত তাদের দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা দেন।
অন্যদিকে, রায়ের সময় আদালতে কয়েদির পোশাকা পরা অবস্থায় সশরীরে উপস্থিত ছিলেন আসাদ সরকারের সময়কার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিব। ২০১১ সালে দেরায় শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ ও আন্দোলন দমনে তিনি অত্যন্ত নিষ্ঠুর ভূমিকা রেখেছিলেন, যা পরবর্তীতে দেশজুড়ে গৃহযুদ্ধে রূপ নেয়।
নাজিবের বিরুদ্ধে ১৫ বছরের কম বয়সী শিশুদের পরিকল্পিতভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে প্রাণহানির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। গত বছরের জানুয়ারিতে সিরীয় কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করেছিল।