১০ আগস্ট ২০২৬, ২১:২৪

চীনে ১৫০ বছরের রেকর্ড বৃষ্টিপাত, প্রাণহানি এড়াতে নিরাপদে সরল ১০ লাখ মানুষ 

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণ  © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ইতিহাসের ১৫০ বছরের রেকর্ড বৃষ্টিপাত দেখল চীন। শক্তিশালী ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে ৩১৩ মিলিমিটারের টানা বর্ষণের পর বন্যা ও ভূমিধসের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা থেকে ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আর উপকূলীয় শহর ওয়েনঝুতে ৯ লাখের বেশি এবং ফুচিয়ান ও সাংহাইতে আরও কয়েক লাখ মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের

সেখানে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে ট্রপিক্যাল স্টর্মে পরিণত হলেও এর প্রভাবে মধ্য ও পূর্বাঞ্চলীয় জিনজিয়াং, আনহুই, জিয়াংসুসহ বেশ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাংহাইয়ে ২৪ ঘণ্টায় ৩১৩ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ১৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। অতিবৃষ্টিতে সাংহাইয়ের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় স্থানীয়রা একে সাগরের রূপ হিসেবে অভিহিত করছেন। এর ফলে দুই শতাধিক ফ্লাইট বাতিলসহ গণপরিবহণ ব্যবস্থা সাময়িকভাবে স্তব্ধ হয়ে পড়েছিল।

চীনের পাশাপাশি এশিয়ার আরও কয়েকটি অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট তাপদাহে হংকংয়ে ইতিহাসের সর্বোচ্চ ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া তাইওয়ানে নৌ ও বিমান চলাচল ব্যাহত হয়েছে, জাপানের ওকিনাওয়াতে অন্তত ছয়জন আহতসহ ৫০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং ফিলিপাইনে মৌসুমি বায়ুর প্রভাবে ম্যানিলাসহ পূর্বাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন চরম ভাবাপন্ন আবহাওয়ার সৃষ্টি হচ্ছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।