গুঞ্জনের মধ্যেই মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে কয়েক মাস ধরে নানা গুঞ্জন চলছে। এর মধ্যেই তাঁর একটি পুরোনো, তবে তারিখ উল্লেখ না করা ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাঁর বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মোজতবাকে প্রকাশ্যে দেখা যায়নি।
শনিবার নিজেদের ওয়েবসাইটে ১২ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করে মেহর নিউজ এজেন্সি। ভিডিওটির সঙ্গে তারা লিখেছে, ‘বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতাবা খামেনির একটি ভিডিও প্রথমবারের মতো প্রকাশ করা হলো।’
ভিডিওতে মোজতবা খামেনিকে স্বাভাবিক ও সুস্থ অবস্থায় দেখা যায়। একটি বন্ধ ঘরে কার্পেটের ওপর বসে তিনি আশপাশে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। তাঁর মাথায় ছিল কালো পাগড়ি এবং সাদা পোশাকের ওপর হালকা ধূসর রঙের একটি পোশাক।
তবে ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, তা জানানো হয়নি।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মোজতবা খামেনি মুখ ও পায়ে গুরুতর আহত হন। ওই হামলাতেই তাঁর বাবা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন।
এর আগে গত ২০ মার্চ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি মোজতবা খামেনির একই ধরনের আরেকটি ভিডিও প্রকাশ করেছিল। ওই ভিডিওতে তাঁকে ধর্মীয় শিক্ষা দিতে দেখা যায়। তবে সেটিও কখন বা কোথায় ধারণ করা হয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি প্রকাশ করে আইআরআইবি লিখেছিল, ‘প্রথমবারের মতো প্রকাশিত। আয়াতুল্লাহ মোজতবা খামেনির ধর্মীয় জ্ঞান শিক্ষাদানের একটি ভিডিও।’
মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও জল্পনা চলছে। গত ৮ মার্চ তাঁকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে তিনি একাধিক লিখিত বিবৃতি দিয়েছেন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো ছবি বা কণ্ঠের রেকর্ডিং প্রকাশ্যে আসেনি।
এমনকি গত মাসে তাঁর বাবার শেষকৃত্য অনুষ্ঠানেও মোজতবাকে দেখা যায়নি।
চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, বর্তমানে মোজতবার সঙ্গে যোগাযোগ করা ‘খুবই কঠিন’।
তিনি বলেন, ‘এই মুহূর্তে তাঁর সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন। তবে যাই হোক, তাঁর উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত বড় শক্তির উৎস, যাতে আমরা কাজ চালিয়ে যেতে পারি।’
তবে পেজেশকিয়ান জানান, তিনি মোজতবার সঙ্গে কয়েকটি ফলপ্রসূ বৈঠক করেছেন। এসব বৈঠকে মোজতবার কাছ থেকে ‘সৌজন্য ও অত্যন্ত যুক্তিসংগত আচরণ’ পেয়েছেন বলেও জানান তিনি।
পেজেশকিয়ান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বর্তমান পরিস্থিতি কিছু অসৎ মানুষকে তাঁর সম্পর্কে ভিন্নভাবে বর্ণনা করার এবং তাঁর একটি ভিন্ন চিত্র তুলে ধরার সুযোগ দিচ্ছে।’
মোজতবার শারীরিক অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত মাসে একটি দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, মোজতবা ‘৯০ শতাংশ শেষ’ হয়ে গেছেন।
এ ছাড়া ইসরায়েলের চ্যানেল ১৪ সম্প্রতি দাবি করেছে, মোজতবা ‘খারাপ শারীরিক অবস্থায়’ রয়েছেন।
এমন নানা দাবি ও জল্পনার মধ্যেই মোজতবা খামেনির নতুন এই ভিডিও প্রকাশ করল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত না হওয়ায় এটি তাঁর বর্তমান শারীরিক অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরছে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।