বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্র মোদী
বিছানায় শোয়ার মাত্র আট সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সদ্য নির্বাচিত প্রায় ৩০ জন রাজ্যসভার সদস্যের সঙ্গে প্রাতরাশ বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে নতুন সাংসদরা প্রধানমন্ত্রীর দৈনন্দিন জীবনযাপন ও কাজের অভ্যাস সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বিছানায় শোয়ার মাত্র আট সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন তিনি। দিনে মাত্র আট ঘণ্টা ঘুমান।
জেটল্যাগ কাটানোর কৌশল সম্পর্কে তিনি বলেন, বিমান ওঠার পর আমি যে দেশে যাচ্ছি, সেই দেশের সময় অনুযায়ী ঘড়ির কাঁটাকে সাজিয়ে নিই। এভাবেই আমি সমস্যার মোকাবিলা করি।
কাজে সর্বোচ্চ ফল পেতে মনোযোগের গুরুত্ব তুলে ধরে সাংসদদের তিনি বলেন, এখন আমি আপনাদের সঙ্গে রয়েছি। আমি এখন অন্য কিছু ভাবছি না। আমি এই মুহূর্তটায় বাঁচছি।
এ সময় তিনি নতুন সাংসদদের সংসদীয় আচরণ ও দায়িত্ব পালনের বিষয়ে তিনটি পরামর্শ দেন। প্রথমত, সাংসদদের লেটারহেডের অপব্যবহার না করার আহ্বান জানান। দ্বিতীয়ত, ফোনে কথা বলার সময় সবার সঙ্গে ভদ্র আচরণ করতে বলেন। তৃতীয়ত, বিরোধী দলের সদস্য হলেও তাদের কাছ থেকে সংসদীয় রীতিনীতি শেখার মানসিকতা রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য, নতুন নির্বাচিত ও দলবদল করে আসা কয়েকজন সদস্যকে নিয়ে আয়োজিত এই প্রাতরাশ বৈঠকে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে মতবিনিময় করেন। একই দিনে বিরোধী দলের বিক্ষোভের কারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের বাকি সময়ের জন্য মুলতবি হয়ে যায়।