ব্যাংকের ম্যানেজারকে কষে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে
ভারতের চেন্নাইয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) এক শাখা ব্যবস্থাপককে চড় মারার অভিযোগ উঠেছে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এম কে আলাগিরির মেয়ে কায়ালভিঝির বিরুদ্ধে। ব্যাংকের ভেতরে ঘটে যাওয়া পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি চেন্নাইয়ের আদিয়ার এলাকায় অবস্থিত এসবিআই শাখায় ঘটেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কায়ালভিঝি একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে একটি অফিসকক্ষে ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলছিলেন। আলোচনার একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কায়ালভিঝি হঠাৎ উঠে দাঁড়িয়ে শাখা ব্যবস্থাপককে সজোরে চড় মারেন।
ঘটনার পর ব্যাংক ব্যবস্থাপকের ওপর হামলার অভিযোগে কায়ালভিঝির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সেই অভিযোগ গ্রহণ করে মামলা করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, যে বাণিজ্যিক ভবনে এসবিআইর আদিয়ার শাখা পরিচালিত হয়, সেই ভবনের মালিক কায়ালভিঝি। ভবনটির লিফট দীর্ঘদিন ধরে বিকল ছিল। ব্যাংকের শাখা ব্যবস্থাপক লিফটটি দ্রুত মেরামতের জন্য কায়ালভিঝির কাছে অনুরোধ করেন।
অভিযোগ অনুযায়ী, লিফট মেরামতের বিষয়টি নিয়েই দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কায়ালভিঝি শাখা ব্যবস্থাপকের ওপর শারীরিকভাবে হামলা করেন এবং তাকে চড় মারেন।
ঘটনার পর ব্যাংকের প্রধান ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ চারটি ধারায় মামলা করেছে।
পুলিশ জানিয়েছে, মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।