২৫ জুলাই ২০২৬, ১৮:২৪

দাবি পূরণ হওয়ায় আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা  © সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরপরই দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ কর্মসূচির অবিলম্বে সমাপ্তি ঘোষণা করেছে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত সব আন্দোলনকারী শিক্ষার্থী ও সমর্থকদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপি প্রতিনিধিরা এই কর্মসূচি প্রত্যাহারের কথা জানান। সংবাদ সম্মেলনে সরকারের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং সিজেপি-র পক্ষে মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন।

সিজেপি নেতারা জানান, সরকারের দেওয়া প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে তারা আন্দোলনের ইতি টানছেন। সরকারের সঙ্গে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে।

সমঝোতা অনুযায়ী, সিজেপির প্রধান দাবি মেনে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব পুলিশি মামলা প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের পর মানসিক চাপে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে বিধি অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সিজেপি মুখপাত্র সৌরভ দাস জানান, সরকার তাদের সব দাবি মেনে নেওয়ায় তারা আন্দোলনকারীদের যন্তর মন্তর ত্যাগ করে নিজ নিজ গৃহে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছেন।