২৫ জুলাই ২০২৬, ১৬:৩৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে যা বললেন ককরোচ পার্টির প্রধান

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে  © সংগৃহীত

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে আখ্যা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে দাবি তার।

শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর দিল্লির যন্তর মন্তরে পৌঁছানোর পরই আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্যে অভিজিৎ দীপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাই প্রমাণ করে—আপনারা যদি ভয় না পান এবং সরকারের কাছে মাথা নত না করেন, তবে যেকোনো বড় পদ থেকেই পদত্যাগ আদায় করা সম্ভব।’

নিটের প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে সিজেপির তোলা প্রধান তিনটি দাবির মধ্যে অন্যতম ছিল শিক্ষামন্ত্রীর অপসারণ। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে একাধিক দফায় বৈঠকে এই দাবিতে অনড় থাকে তারা। শনিবার কেন্দ্রের সঙ্গে পরবর্তী আলোচনার কথা থাকলেও সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া নতুন করে আলোচনার কোনো ভিত্তি নেই। এ নিয়ে রাজনৈতিক গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।

প্রথম দাবি আদায় হলেও আন্দোলন এখনই থামছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিজিৎ দীপকে। সিজেপির বাকি দুটি দাবি—আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথেই থাকার ঘোষণা দিয়েছেন তাঁরা।

অভিজিৎ দীপকে আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর ইস্তফা একটি বড় সাফল্য, কিন্তু আমাদের বাকি দাবিগুলো এখনো বকেয়া। পরিবর্তনের জন্য শান্তিপূর্ণ ও ধারাবাহিক লড়াই চালিয়ে যাওয়াই একমাত্র পথ।’