২৫ জুলাই ২০২৬, ১৪:৩৫

বাবা বিজেপি জোটের মন্ত্রী, মেয়ে ‘ককরোচ পার্টির’ আন্দোলনে

আসামের রাজস্বমন্ত্রী কেশব মহন্তর মেয়ে দিবিসা মহন্ত  © সংগৃহীত

ভারতের আসামে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রীর মেয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলমান শিক্ষার্থী আন্দোলনে যোগ দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। রাজ্যের রাজস্বমন্ত্রী কেশব মহন্তর মেয়ে দিবিসা মহন্ত বৃহস্পতিবার গুয়াহাটির চাচল এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নেন। পরে তার সেই বিক্ষোভের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দিবিসা মহন্ত শিক্ষার্থীদের সঙ্গে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন।

শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি পুরো কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনের মূল দাবি ছিল নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের জবাবদিহি নিশ্চিত করা।

দিবিসা মহন্তর এই অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে। কারণ তার বাবা কেশব মহন্ত আসাম গণ পরিষদ (এজিপি)-এর অন্যতম জ্যেষ্ঠ নেতা। দলটির রাজ্য সভাপতি অতুল বরার পরই তাকে এজিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

এজিপি বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দল। কেশব মহন্ত ২০১৬ সাল থেকে আসামে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এমন পরিস্থিতিতে জোট সরকারের একজন মন্ত্রীর মেয়ের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এদিকে বিষয়টি নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের আন্দোলনের অধিকারকে সম্মান করে।

তিনি বলেন, ‘এটি শিক্ষার্থীদের আন্দোলন। আমরা তাদের দাবি ও যুক্তিকে সম্মান করি। আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। একই সময়ে আসাম ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমি সবাইকে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দিকেও মনোযোগ দেওয়ার আহ্বান জানাই।’

এদিকে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়। শিক্ষার্থীরা নিট-ইউজি পরীক্ষার অনিয়মের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখেন।

পুরো কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

সংবাদসূত্রঃ এনডিটিভি