‘হ্যালো ফ্রেন্ডস....’ গভীর রাতে ককরোচ আন্দোলনকারীদের কী বার্তা দিলেন মোদী?
দেশজুড়ে চলমান ককরোচ আন্দোলনের মাঝে গভীর রাতে ফের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে শেয়ার করা ভিডিওতে ইতিবাচক প্রতিক্রিয়া ও গঠনমূলক পরামর্শ পাওয়ার পর আবারও দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন মোদী। শনিবার (২৫ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফোয়েড ফেসবুকে এ আন্দোলনকারী শিক্ষার্থীদের বার্তা দিলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। সেখানে তিনি জানান, প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। শুক্রবারের কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে এই সংক্রান্ত বিলের খসড়া নিয়ে আলোচনার পর এটি চূড়ান্ত করা হবে এবং সোমবার থেকেই সংসদে তা পাসের চেষ্টা করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবারের ওই পোস্টের পর সাধারণ নাগরিকদের বিপুল প্রতিক্রিয়া ও গঠনমূলক পরামর্শের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "গতকাল রাতে যে ভিডিওটি পোস্ট করেছিলাম, সেখানে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। এর মাধ্যমে আমাদের যোগাযোগ আরও সক্রিয় ও নিবিড় হবে।"
এদিকে শুক্রবার অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে প্রশ্নফাঁস প্রতিরোধে নতুন ও কঠোর আইনের খসড়া অনুমোদন পেয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রস্তাবিত বিলে দোষীদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হচ্ছে। তবে ক্যাবিনেট বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করেননি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
অন্যদিকে, ভারতয়ি গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্যাবিনেট বৈঠকে দেশের তরুণ প্রজন্ম ও জেন-জি (Gen-Z)-দের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রীদের ইনস্টাগ্রামে নিয়মিত রিলস পোস্ট ও ইন্টারেক্টিভ সেশন আয়োজনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।