২৪ জুলাই ২০২৬, ২২:৫৯

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ: এনডিটিভি

ভারতীয় ভিসা  © সংগৃহীত

ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ও ভিসা-অন-অ্যারাইভাল (পৌঁছানোর পর ভিসা) সুবিধা আরও সীমিত হয়েছে। অভিবাসন নীতিতে পরিবর্তন এনে ইরান, বলিভিয়া, কেপ ভার্দে এবং নিকারাগুয়া ভারতীয় নাগরিকদের জন্য আগের সহজ ভিসা সুবিধা বাতিল করেছে। ফলে বিদেশ ভ্রমণের আগে ভারতীয় পর্যটকদের আগাম ভিসা বা অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সংবাদে এ তথ্য জানানো হয়েছে। 

বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৫টি গন্তব্যে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। তবে বেশ কয়েকটি দেশ ভিসা নীতিতে পরিবর্তন আনায় সহজে ভ্রমণ করা যায় এমন গন্তব্যের সংখ্যা কমেছে। 

সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারতের পাসপোর্টের অবস্থান ৮১তম, যা ২০২৬ সালের ফেব্রুয়ারির সংস্করণে ছিল ৭৫তম। গত বছর ভারতীয় নাগরিকরা ৫৭টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পেলেও বর্তমানে সেই সংখ্যা কমে ৫৫টিতে দাঁড়িয়েছে। 

ইরান 
পশ্চিম এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য ইরান দীর্ঘদিন ধরে ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়ে আসছিল। শিরাজের নাসির আল-মুলক মসজিদ কিংবা তেহরানের গ্র্যান্ড বাজারে ঘুরতে ভারতীয় পর্যটকদের আগে থেকে ভিসা নিতে হতো না। তবে ২০২৫ সালের নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য এ ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে দেশটি। ফলে এখন ইরান সফরের আগে নিয়মিত ভিসা সংগ্রহ করতে হবে। 

বলিভিয়া 
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা বাতিল করেছে। আগে দেশটিতে পৌঁছেই সহজে ভিসা পাওয়া গেলেও এখন ই-ভিসা ব্যবস্থা চালু হয়েছে। ফলে ভ্রমণের আগে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় নথিপত্র জমা এবং অনুমোদন পাওয়া বাধ্যতামূলক। অর্থাৎ ভারত থেকে যাত্রার আগেই ভিসা অনুমোদন নিশ্চিত করতে হবে। 

কেপ ভার্দে 
আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা বাতিল করেছে। আগে ভারতীয়রা দেশটির 'EASE' প্ল্যাটফর্মে নিবন্ধন ও ফি পরিশোধ করে সেখানে পৌঁছে ভিসা নিতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন আগাম বৈধ ভিসা ছাড়া দেশটিতে প্রবেশের সুযোগ থাকবে না। ভিসা ছাড়া পৌঁছালে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। 

নিকারাগুয়া 
২০২৬ সালে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন অভিবাসন নীতির আওতায় ভারতীয় নাগরিকদের 'ক্যাটাগরি সি' বা 'কনসালটেড ভিসা' তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আগে যেভাবে পৌঁছে ভিসা পাওয়া যেত, সেই সুবিধা আর থাকছে না। এখন ভ্রমণের আগে নিকারাগুয়ার অভিবাসন কর্তৃপক্ষের আগাম অনুমোদন সংগ্রহ করতে হবে। 

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ভিসা নীতিমালা দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই বিদেশ সফরের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভিসা ও অভিবাসন নীতিমালা যাচাই করা জরুরি। যদিও বিশ্বজুড়ে ভারতীয় পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়ছে, তবুও বিভিন্ন দেশের পরিবর্তিত প্রবেশনীতির কারণে ভ্রমণকারীদের সর্বশেষ তথ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।