২৪ জুলাই ২০২৬, ১০:০৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ভিডিও বার্তায় যা বললেন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  © সংগৃহীত

প্রশ্নফাঁসের ঘটনাকে ঘিরে ভারতে চলমান বিক্ষোভের মধ্যে সরকারের পক্ষ থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, এ বিষয়ে শুক্রবার আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন আন্দোলন চলাকালেই মোদি এই ঘোষণা দেন। এদিকে একই দিনে প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছে দিল্লি হাইকোর্ট।

ভিডিও বার্তায় মোদি বলেন, ‘বন্ধুরা, আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাই গত আড়াই মাসে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল যাতে শিক্ষার্থীদের একটি বছরও নষ্ট না হয়। তাই দ্রুত পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি ছিল। সরকারের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে অন্তত ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে।’

মোদি আরও বলেন, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছিলেন। আজ বিভাগগুলো কঠোর পরিশ্রম করে গভীর রাতে আমাকে অনুমোদন দিয়েছে। আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনা হবে। সদস্যদের পরামর্শ নিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর সোমবার সংসদে যত দ্রুত সম্ভব বিলটি পাসের চেষ্টা করা হবে।’

ফাস্ট-ট্র্যাক আদালত ঘোষণার পাশাপাশি বৃহস্পতিবার রাতে ভারত সরকার দেশটির শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করেছে।