১২ তলা থেকে পড়েও বেঁচে গেলেন যুবক, প্রাণ গেল পথচারী তরুণীর
জাপানের নাগোয়া শহরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ১২ তলা থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেছেন এক যুবক। তবে তিনি গিয়ে পড়েন নিচে হাঁটতে থাকা এক তরুণীর ওপর। এতে তরুণীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাত ১টার দিকে নাগোয়া শহরের ব্যস্ত সাকায়ে এলাকায় এ ঘটনা ঘটে। ২৯ বছর বয়সী শিনসেই তাগুচি একটি আবাসনের ১২ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনি নিচে পড়ে যান। সে সময় আবাসনের সামনের রাস্তা দিয়ে বন্ধুদের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন ২৩ বছর বয়সী রেস্তোরাঁকর্মী তোমোকো ইনাবা। শিনসেই সরাসরি তার ওপর গিয়ে পড়েন।
এতে দুজনই গুরুতর আহত হন। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে ইনাবার অবস্থা ছিল সংকটাপন্ন। অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে (হেমোরেজিক শক) চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে শিনসেই তাগুচি প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন এবং হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, শিনসেই ওই আবাসনের বাসিন্দা ছিলেন না। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি। ফলে তিনি কেন ওই ভবনে গিয়েছিলেন এবং কীভাবে নিচে পড়ে গেলেন, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এমন অস্বাভাবিক দুর্ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। আবার অনেকেই নিহত তরুণীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন।