আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকবেন নেহা কক্কর
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। রাজধানীর গণ্ডি পেরিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন রাজ্যে। আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর।
সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সমর্থনে একটি পোস্ট শেয়ার করে নিজের অবস্থান স্পষ্ট করেন এই গায়িকা। ‘জাস্টিস ফর স্টুডেন্টস’ (শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার) লেখা একটি ছবি প্রকাশ করে নেহা লিখেছেন, ‘কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে আমি আছি। আমি তোমাদের সমর্থন করি এবং তোমাদের শক্তির জন্য প্রার্থনা করি। তোমাদের স্বপ্নগুলোর গুরুত্ব অনেক। শক্ত থেকো।’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই এটি ভাইরাল হয়ে যায়। লাখো অনুরাগী ও সাধারণ ব্যবহারকারী তার এই বার্তাকে স্বাগত জানান। সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য অনেকেই নেহা কক্করের প্রশংসা করেছেন।
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনারও মুখে পড়েছেন এই সংগীতশিল্পী। মন্তব্যের ঘরে একাংশের নেটিজেন অভিযোগ তুলেছেন, তিনি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। আবার কেউ কেউ বলেছেন, শুধু সামাজিক মাধ্যমে বার্তা দেওয়ার পরিবর্তে সরাসরি আন্দোলনে অংশ নিলে সেটিই শিক্ষার্থীদের প্রতি প্রকৃত সমর্থন হতো।
উল্লেখ্য, দিল্লিকেন্দ্রিক চলমান ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বাধীন এই আন্দোলনের প্রতি এরই মধ্যে ভারতের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। সালমান খান, অরিজিৎ সিং, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সরাসরি আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন নেহা কক্করও।