পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বুধবার (২২ জুলাই) রাতে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এ কথা বলেন।
তিনি জানান, দিনজুড়ে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে তার কয়েক দফা কথা হয়েছে। উভয়েই একমত হয়েছেন যে আন্দোলন শান্তিপূর্ণ থাকতে হবে।
সৌরভ দাস বলেন, ওয়াংচুক প্রকাশ্যেও আন্দোলনকারীদের শান্তি বজায় রেখে সঠিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, দেশে অতীতের বিভিন্ন আন্দোলনে ক্ষমতাসীনদের মদদপুষ্ট সমাজবিরোধী ব্যক্তিরা আন্দোলনে ঢুকে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। পরে শান্তিপূর্ণ আন্দোলনকারীদেরই দায়ী করা হয়েছে। এবার যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডার সমালোচনা করে সৌরভ দাস বলেন, ৩০ দিনের বেশি সময় ধরে মানুষ আন্দোলন করছে। অথচ এখন উল্টো সরকারই বিষয়টি নিয়ে রাজনীতি করছে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অনড় দাবি। এটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যতদিন প্রয়োজন, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।’
এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যসভার নেতা জে.পি. নাড্ডা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর বিষয়কে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত নয়। বিষয়টি নিয়ে গভীর আলোচনা প্রয়োজন।
তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার সংসদে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের সব দিক নিয়ে আলোচনায় প্রস্তুত। সরকার দায়িত্বশীল এবং জনসাড়া দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তথ্যসূত্র: এএনআই নিউজ