১৮ জুলাই ২০২৬, ১৫:৩৩

টানা অনশনের পর সোনম ওয়াংচুক হাসপাতালে, ভর্তি করল দিল্লি পুলিশ

অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে  © সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে টানা ২০ দিন ধরে আমরণ অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। শনিবার ভোরে চিকিৎসকদের পরামর্শ ও আদালতের নির্দেশনার ভিত্তিতে তাকে দিল্লির সাফদারজং হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ভোরে সাদা পোশাকধারী পুলিশের একটি দল যন্তর মন্তরের অনশনস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি করে। পরে ওয়াংচুককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার সমর্থকদের স্লোগানে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি সচেতন আছেন।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানায়, দীর্ঘ অনশনের কারণে তার গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। আদালতের নির্দেশ ও চিকিৎসকদের সুপারিশের ভিত্তিতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে যন্তর মন্তর এলাকা ত্যাগের আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘ অনশনের ফলে ওয়াংচুকের ওজন ইতোমধ্যে আট কেজির বেশি কমে গেছে।

হাসপাতালে নেওয়ার আগের দিন সমর্থকদের উদ্দেশে ওয়াংচুক বলেছিলেন, আগামী ২০ জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে তারা সংসদ ভবনের দিকে শান্তিপূর্ণ পদযাত্রা করবেন। তিনি বলেন, বাইরে থেকে দুর্বল দেখালেও ভেতর থেকে তিনি দৃঢ় আছেন এবং ওই কর্মসূচি পর্যন্ত টিকে থাকতে চান।

সূত্র: এনডিটিভি।