১৮ জুলাই ২০২৬, ১০:৫২

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বললেন—‘আই হ্যাভ আ প্ল্যান’

অ্যান্ডি বার্নহ্যাম  © সংগৃহীত

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বে এসেছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র ও বামঘেঁষা রাজনীতিক অ্যান্ডি বার্নহ্যাম। দলীয় নেতা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথও নিশ্চিত হয়েছে তার। শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে বিবিসি।

আগামী সোমবার মেকারফিল্ড আসনের এ সংসদ সদস্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এরপর বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

নতুন নেতা হিসেবে নাম ঘোষণার পর মঞ্চে উঠলে উপস্থিত নেতা-কর্মীরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বক্তব্যে বার্নহ্যাম বলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়ে বার্নহ্যাম বলেন, ‘এটি এক অনন্য মুহূর্ত।’ 

দলের দায়িত্ব নিয়ে তিনি তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং লক্ষ্যগুলো তুলে ধরেন। নিজের অতীত ভুলভ্রান্তি স্বীকার করে তিনি বলেন, ‘আমি হয়তো সব সময় সব কিছু ঠিক করতে পারিনি। যেখানে আমার ঘাটতি ছিল, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমি সবসময় আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।’

বক্তব্যের শেষে দলের কর্মীদের আশার বাণী শুনিয়ে তিনি বলেন, ‘আমি জানি আমি কী বিশ্বাস করি এবং আমি কী করতে চাই। আমার কাছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে (আই হ্যাভ আ প্ল্যান)। আমি আপনাদের সবার ওপর বিশ্বাস রাখি এবং আমি আত্মবিশ্বাসী যে আমরা এটি করতে পারব।’

তিনি আরও জানান, সময়ের সাথে সাথে তিনি ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলেছেন। লেবার পার্টিতে পুনরায় ‘আশা’ ফিরিয়ে আনার অঙ্গীকার করে তিনি তার বক্তব্য শেষ করেন।