আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল দেখতে মাঠে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী
২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর স্পেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে দলকে সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত থাকবেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
শুক্রবার স্পেন সরকার বিষয়টি নিশ্চিত করে জানায়, ১৯ জুলাই দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল শেষে সানচেজ আলজেরিয়ায় সরকারি সফরে যাবেন। ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, রানি লেতিসিয়া এবং তাঁদের দুই কন্যাও মাঠে থাকবেন। তবে কুসংস্কারের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ি ফাইনাল দেখতে স্টেডিয়ামে যাচ্ছেন না।
ফাইনালে সানচেজ ও ট্রাম্পের উপস্থিতি রাজনৈতিকভাবেও আলোচনার জন্ম দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়া এবং ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনার কারণে দুই নেতার সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে।
ফুটবলের লড়াইয়ে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে প্রথম ফাইনালে ওঠে স্পেন, আর ইংল্যান্ডকে বিদায় করে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় আর্জেন্টিনা। দুই দলের মধ্যে আগের ১৪ দেখায় উভয়েরই জয় ছয়টি করে, দুটি ম্যাচ ড্র। ফলে ১৫তম সাক্ষাৎই নির্ধারণ করবে কে এগিয়ে যাবে মুখোমুখি লড়াইয়ে এবং জিতবে বিশ্বকাপের সোনালি ট্রফি।
সবশেষ ২০১৮ সালের মার্চে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে আর্জেন্টিনাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন। এবার বিশ্বকাপের ফাইনালে সেই লড়াইয়ের নতুন অধ্যায় লিখতে যাচ্ছে দুই ফুটবল পরাশক্তি।