কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের, ওমানে ধ্বংস করেছে রাডার
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে ওমানের উপকূলীয় এলাকায় মার্কিন সামরিক নজরদারি রাডার ধ্বংসেরও দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো হামলায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রের গুদাম এবং দুটি হাইমার্স সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি বলেছে, ইরানের বেসামরিক অবকাঠামোতে সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। এসব হামলায় টেলিযোগাযোগ ও রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান।
এদিকে আইআরজিসি জানিয়েছে, ওমানের ঘানিম অঞ্চলে একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার ধ্বংস করা হয়েছে। হরমুজ প্রণালির ইরান ও ওমানকে বিভক্ত করা জলসীমার পাথুরে এলাকায় থাকা একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ রাডারও ধ্বংসের দাবি করেছে তারা।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, চলমান ইরানি হামলার ১৩তম ধাপে এসব হামলা চালানো হয়েছে। ‘প্রতিশোধমূলক অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ এই জলপথ এখনো আইআরজিসির নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
ইরানের দাবি, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের কারণে তেল ও গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে উৎপাদনও ব্যাপকভাবে কমে গেছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, তাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে।