মার্কিন হামলায় ইরানের পাঁচ সেতুতে আঘাতের দাবি
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এমন তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার
হরমোজগান প্রাদেশিক গভর্নর কার্যালয়ের বরাতে ফার্স জানায়, হামলার লক্ষ্যবস্তু হওয়া সেতুগুলোর মধ্যে রয়েছে বান্দার আব্বাসকে খামির ও লারের সঙ্গে সংযুক্তকারী গারিভেহ সেতু, লাতিদান গ্রামের কাছে একটি সেতু, কাহুরেস্তান–লার সড়কের দুটি সেতু, বান্দার-ই খামির, কেশার ও বান্দার আব্বাসকে সংযুক্ত করার জন্য নির্মাণাধীন একটি সেতু এবং খামির জেলার মারু গ্রামের একটি সেতু।
হামলার পর গভর্নর কার্যালয় জনসাধারণকে এসব সড়ক ও আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এতে উদ্ধারকারী দল দ্রুত ও নির্বিঘ্নে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। ফার্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।