রেকর্ড গড়া চন্দ্রযাত্রার তিন মাস পর নিজস্ব মহাকাশযানের সঙ্গে ফের মিলিত আর্টেমিস-২ নভোচারীরা
চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে ইতিহাসের যেকোনো মানব অভিযানের তুলনায় মহাকাশের সবচেয়ে দূরবর্তী ভ্রমণ সম্পন্ন করার তিন মাস পর নিজেদের ব্যবহৃত চন্দ্রযান ওরিয়ন ক্যাপসুলের সঙ্গে আবারও মিলিত হয়েছেন নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী।
বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে এপ্রিলে উৎক্ষেপণের পর প্রথমবারের মতো তারা ক্যাপসুলটি পরিদর্শন করেন। শেষবার যখন তারা উৎক্ষেপণ কেন্দ্রটি দেখেছিলেন, তখন বিশাল স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটটি উৎক্ষেপণ প্যাডে স্থাপিত ছিল।
মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, ‘রকেটটি ছাড়া জায়গাটা বেশ নিঃসঙ্গ মনে হচ্ছে।’ এদিন তিনি ও তার সহযাত্রীরা মিশন সফল করতে অবদান রাখা প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
আর্টেমিস-২ মিশনে নাসার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন চাঁদের চারপাশে প্রদক্ষিণ করেন। এ অভিযানে তারা ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল (৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার) দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। অর্ধশতাব্দীরও বেশি সময় পর এটি ছিল মানুষের প্রথম চন্দ্রাভিযান।
ওয়াইজম্যান উল্লেখ করেছেন যে, এই অভিযান নিয়ে জনসাধারণের উৎসাহ এখনও তুঙ্গে। তিনি বলেন, ‘প্রায় এক সপ্তাহ আগে ফ্রান্সে একটি বিমানে ওঠার সময় এক মহিলা তাঁর হাতে তাঁর বোর্ডিং পাসটি তুলে দেন, যাতে এই বার্তাটি লেখা ছিল মহাবিশ্বে আনন্দ ও আশার কথা আমাদের আবারও মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
এদিকে, আর্টেমিস কর্মসূচির পরবর্তী ধাপের জন্য গত মাসে আর্টেমিস-৩ মিশনের চার সদস্যের ক্রু ঘোষণা করেছে নাসা। তিনজন নাসা নভোচারী ও একজন ইতালীয় নভোচারী এ দলে রয়েছেন। আগামী বছরের জন্য নির্ধারিত এ মিশনে পৃথিবীর কক্ষপথে স্পেসএক্স ও ব্লু অরিজিন নির্মিত চন্দ্র অবতরণযানের সঙ্গে ডকিং অনুশীলন করা হবে।
আরও পড়ুন : কেন জমে গিয়েছিল উত্তর মেরুর আগে দক্ষিণ মেরু, মিলেছে রহস্যের ব্যাখ্যা
আর্টেমিস-২ মিশনের সদস্য ও চাঁদে ভ্রমণকারী প্রথম নারী ক্রিস্টিনা কচ বলেন, ‘আর্টেমিস-৩–এর পুরো ক্রু পুরুষ হওয়ায় তিনি বিচলিত নন।’ তার ভাষায়, শুধুমাত্র বাহ্যিক বৈচিত্র্য দেখানোর জন্য নয়, যোগ্যতার ভিত্তিতেই নভোচারী নির্বাচন হওয়া উচিত। তিনি বলেন, ‘আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে, আর এ নিয়ে আমি গর্বিত।’
অন্যদিকে, কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছেন, তিনি সেপ্টেম্বরে কানাডিয়ান স্পেস এজেন্সি থেকে বিদায় নেবেন। তবে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের রিজার্ভ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আর্টেমিস কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবেন। তথ্যসূত্র: এপি।