কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এ অভিযান চালানোর দাবি করেছে তেহরান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। হামলার পর কয়েকটি দেশে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
এর আগে রোববার রাতে হরমুজ প্রণালি নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, সিরিক, জাস্ক এবং কেশম দ্বীপ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। ওই হামলায় অন্তত একজন নিহত এবং দুজন আহত হন।
মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানে অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলার একদিন পর নতুন করে এ অভিযান চালানো হয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে ইরান বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকবে।
মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট দেশগুলো এবং আন্তর্জাতিক মহল।