তীব্র দাবদাহের মধ্যেই পালিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস
নানা বিতর্ক, তীব্র তাপদাহ ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়েই আজ শনিবার (৪ জুলাই) স্বাধীনতা ঘোষণার ২৫০ বছর বা ‘সেমিকুইনসেন্টেনিয়াল’ উদযাপন করছে যুক্তরাষ্ট্র। ১৭৭৬ সালের ৪ জুলাই ফিলডেলফিয়াতে যে ঐতিহাসিক ‘ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স’ (স্বাধীনতার ঘোষণা) গৃহীত হয়েছিল, আজ তা আড়াইশত বছর পূর্ণ করল। তবে ঐতিহাসিক এই মাইলফলকটি উদযাপনের এই সপ্তাহান্তে দেশটির পূর্ব উপকূল জুড়ে জেঁকে বসেছে এক তীব্র ও বিপজ্জনক দাবদাহ।
ঐতিহাসিক এই মুহূর্তটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও বৈরী আবহাওয়া ও তীব্র গরমের কারণে বহু আয়োজন বাতিল, সংক্ষিপ্ত বা পুনর্নির্ধারণ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চরম মেরুকরণের রাজনৈতিক আবহেই এই ২৫০ বছরের মহোৎসব উদযাপিত হচ্ছে। এক দশক আগে মার্কিন কংগ্রেস এই আয়োজন তদারকির জন্য দ্বিপাক্ষিক ‘আমেরিকা ২৫০’ কমিশন গঠন করেছিল। তবে গত বছর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে নিজস্ব ‘ফ্রিডম ২৫০’ পরিকল্পনা কমিটি গঠন করেন এবং ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার এর মতো মূল ইভেন্টগুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে নেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কান্ট্রি সিঙ্গার মার্টিনা ম্যাকব্রাইড, দ্য কমোডোরস এবং পপ জুটি মিলি ভ্যানিলির মতো তারকাদের পারফর্ম করার কথা থাকলেও, ট্রাম্পের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে মে ও জুনের শুরুতে অনেক শিল্পীই নিজেদের প্রত্যাহার করে নেন। পরবর্তীতে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই মেলার উদ্বোধন করেন এবং নিজেকে ‘বিশ্বের এক নম্বর আকর্ষণ’ হিসেবে আখ্যায়িত করেন। ৪ জুলাই ওয়াশিংটন ডিসিতে ইতিহাসের ‘সবচেয়ে জমকালো ট্রাম্প র্যালি’ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তবে তীব্র গরমের কারণে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, ফিলাডেলফিয়াসহ বিভিন্ন বড় শহরের জনজীবন ও উৎসবের সূচি ওলটপালট হয়ে গেছে। ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়ায় গত শুক্রবার ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তবে আবহাওয়া স্বাভাবিক হলে ন্যাশনাল মলে ইতিহাসের বৃহত্তম আতশবাজি প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে।
যে শহরে আমেরিকার স্বাধীনতার ঘোষণা সই হয়েছিল, সেই ফিলাডেলফিয়াতে তীব্র গরমের কারণে ঐতিহাসিক ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স প্যারেড’ সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এখানে ২৫০ বছর পর খোলার উদ্দেশ্যে একটি ৪০০ কেজির টাইম ক্যাপসুল সমাহিত করার কথা রয়েছে। একইভাবে পেনসিলভানিয়ার অন্যান্য অঞ্চলেও প্যারেড বাতিল বা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এদিকে নিউইয়র্ক বন্দরে প্রায় ২০ হাজার নাবিকসহ ৪০টিরও বেশি বিশালাকার জাহাজ এবং আকাশে ২০০টি যুদ্ধবিমানের বর্ণিল মহড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরটির মেয়র জোহরান মামদানি শহরের নাগরিকদের ঘরের ভেতরে থাকার অনুরোধ জানিয়েছেন এবং বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমাতে এসি ২৬ ডিগ্রি সেলসিয়াসে (৭৮ ফারেনহাইট) চালিয়ে রাখার পরামর্শ দিয়েছেন।
তীব্র গরমে রেললাইন ও ওভারহেড তারের সম্প্রসারণজনিত ঝুঁকির কারণে ‘অ্যামট্র্যাক’ উত্তর-পূর্বাঞ্চলে বেশ কিছু ট্রেন বাতিল ও গতি সীমিত করেছে। বোস্টনে ঐতিহ্যবাহী ‘বোস্টন পপস ফায়ারওয়ার্কস স্পেকটাকুলার’ কনসার্ট এবং ১৭৭৬ সালের সেই ঐতিহাসিক বারান্দা থেকে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করার আয়োজন চলছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের (১০০ ফারেনহাইট) কাছাকাছি থাকলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ‘হিট ইনডেক্স’ বা প্রকৃত অনুভূতি আরও অনেক বেশি হবে। কংক্রিট ও অ্যাসফল্টের কারণে শহরগুলোর তাপমাত্রা আরও মারাত্মক রূপ নিতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) নাগরিকদের তৃষ্ণা না পেলেও প্রচুর পানি পান করার, দীর্ঘক্ষণ বাইরে না থাকার এবং অ্যালকোহল পরিহার করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে পেশী টান, দ্রুত নাড়ির স্পন্দন, মাথা ঘোরা, বমি ভাব বা অতিরিক্ত ঘামের মতো হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। অবশ্য পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্কসহ বিভিন্ন বড় শহরে শত শত কুলিং সেন্টার ও ওয়াটার পার্কের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।