নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, দুই দিন ধরে জিম্মি ৩৭
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মাধ্যমিক স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। প্রাথমিকভাবে দেশটির সেনাবাহিনী অভিযান চালিয়ে আট জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এখনও সন্ত্রাসীদের হাতে জিম্মি রয়েছে ৩৭ জন।
সোমবার (২৯ জুন) নাইজেরিয়ার বোরনো রাজ্যের লাসা শহরের গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন এ হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় স্কুলটিতে তারা গণ-অপহরণ অভিযান চালায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বন্দুকধারীদের ‘জিহাদি গ্রুপের’ সদস্য বলে উল্লেখ করা হয়েছে।
বোরনো রাজ্যের শিক্ষা কমিশনার লাওয়ান আব্বা ওয়াকিলবে সাংবাদিকদের জানান, নিখোঁজ ও জিম্মি ৩৭ জনের মধ্যে রয়েছেন ২৫ জন ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন জন কর্মচারী। এ ঘটনার দুই দিন পার হলেও দেশটির সেনাবহিনী জিম্মিদের এখনও উদ্ধার করতে পারেনি।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া আট জনের মধ্যে স্কুলের উপাধ্যক্ষও রয়েছেন। নিখোঁজ বাকি শিক্ষার্থীদের উদ্ধারে নাইজেরিয়ান সেনাবাহিনী তল্লাশি অভিযান জোরদার করেছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্কুল শিক্ষার্থীদের লক্ষ্য করে এ ধরনের গণ-অপহরণের ঘটনা নতুন নয়। এর আগেও বোকো হারামসহ বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিপুল সংখ্যক শিক্ষার্থী অপহরণ করে আন্তর্জাতিক মহলে কুখ্যাতি অর্জন করেছে।