৩০ জুন ২০২৬, ১৬:৩৫

ইউআরএপি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে দেশের ১৩ পাবলিক ও ৭ প্রাইভেট বিশ্ববিদ্যালয়

ইউআরএপি লোগো  © সংগৃহীত ও সম্পাদিত

তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটির (METU) ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বাই অ্যাকাডেমিক পারফরম্যান্স (URAP) রিসার্চ ল্যাবরেটরি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫–২৬-এ বাংলাদেশের ২০ বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এবারের র‌্যাঙ্কিংয়ে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ৩ হাজার ৭৭৬টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। গবেষণা কার্যক্রম ও অ্যাকাডেমিক সাফল্যের ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে ইউআরএপি।

সংস্থাটির তথ্যমতে, গবেষণা নিবন্ধ (২১ শতাংশ), মোট একাডেমিক প্রকাশনা (১০ শতাংশ), গবেষণাকর্মের উদ্ধৃতি (২১ শতাংশ), গবেষণার মান ও প্রভাব (১৮ শতাংশ), উদ্ধৃতির প্রভাব (১৫ শতাংশ) এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা (১৫ শতাংশ) সূচকের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং প্রস্তুত করা হয়েছে।

এবারের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৯৮৯তম। দ্বিতীয় স্থানে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ১ হাজার ৩১৯তম।

দেশীয় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার বৈশ্বিক অবস্থান ১ হাজার ৩৮৮তম। চতুর্থ স্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১ হাজার ৪৬১তম), পঞ্চম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১ হাজার ৬১৮তম), ষষ্ঠ নর্থ সাউথ ইউনিভার্সিটি (১ হাজার ৬৮৫তম), সপ্তম ব্র্যাক বিশ্ববিদ্যালয় (১ হাজার ৭৮৩তম), অষ্টম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—কুয়েট (১ হাজার ৮৯৩তম), নবম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২ হাজার ২৫তম) এবং দশম খুলনা বিশ্ববিদ্যালয় (২ হাজার ১০২তম) স্থান পেয়েছে।

এ ছাড়া ধারাবাহিকভাবে তালিকায় রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আউস্ট) এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)।