জর্জিয়ার পার্লামেন্টে সরকার ও বিরোধীদলের এমপিদের তুমুল মারামারি
জর্জিয়ার পার্লামেন্টের চলতি বসন্ত অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ অধিবেশনে ক্ষমতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করতে গেলে প্রশ্নোত্তর পর্বে দুই পক্ষের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতি ও তুমুল মারামারিতে রূপ নেয়।
বৃহস্পতিবার (২৬ জুন) জর্জিয়ার পার্লামেন্টে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির সদস্যদের সঙ্গে বিরোধী দল ‘ফর জর্জিয়া’র সংসদ সদস্যরা জড়িয়ে পড়েন।
ঘটনার সূত্রপাত হয় প্রশ্নোত্তর পর্বে। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী জর্জি গাখারিয়ার নেতৃত্বাধীন বিরোধী দল ‘ফর জর্জিয়া’র সংসদ সদস্য জর্জি শারাশিদজে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের ভূমিকা নিয়ে মন্তব্য করেন। তিনি সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের জর্জিয়া সফরের সময়কার একটি বহুল আলোচিত ঘটনা তুলে ধরেন।
এপ্রিল মাসে জর্জিয়া সফরের সময় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা ও সম্মানসূচক চেয়ারম্যান বিদজিনা ইভানিশভিলির বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে কোবাখিদজেকে তাদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিরোধীদের দাবি, এ দৃশ্য প্রমাণ করে যে সরকারপ্রধান হলেও তিনি ক্ষমতাসীন দলের প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী নন এবং দলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ এখনও ইভানিশভিলির হাতেই রয়েছে।
প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে শারাশিদজে বলেন, ‘প্রেসিডেন্ট আলিয়েভ যখন জর্জিয়ায় এসেছিলেন, তখন পুরো দেশ সেই দৃশ্য দেখেছে আপনি এক কোণে দাঁড়িয়ে ছিলেন। এটি সরাসরি এই সরকারের মধ্যে আপনার প্রকৃত ভূমিকা ও অবস্থানকে প্রকাশ করে। বিষয়টি আমাদের ব্যাখ্যা করুন। জর্জিয়ায় অনেক প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু এমন প্রধানমন্ত্রী আগে দেখা যায়নি।’
তিনি আরও বলেন, ‘আপনাদের নির্লজ্জতা ও অভদ্রতা অন্য কোথাও নিয়ে যান।’ এ সময় ক্ষমতাসীন দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিক্রিয়া জানালে অধিবেশন কক্ষে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়।
এর কিছুক্ষণ পরই সংঘর্ষ শুরু হয়। শারাশিদজে বক্তৃতামঞ্চ ত্যাগ করার সঙ্গে সঙ্গে দুই পক্ষের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্ক হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদের সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলা ইরানেরও
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রথমে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির সংসদ সদস্য ইরাকলি খেলাদজে এবং বিরোধী দল ‘ফর জর্জিয়া’র সদস্য গিগা পারুলাভার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে এতে নারী-পুরুষসহ আরও বহু সংসদ সদস্য জড়িয়ে পড়েন। কয়েক মিনিট ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের সদস্যদের মধ্যে ঘুষাঘুষি ও বাকবিতণ্ডা চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদ ভবনের নিরাপত্তাকর্মীরা বিরোধী দলের সদস্যদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেন। এ সময় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে এবং তার মন্ত্রিসভার সদস্যদের দূর থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।
প্রকাশিত ভিডিওতে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও তিনবারের অলিম্পিক স্বর্ণজয়ী ভারোত্তোলক লাশা তালাখাদজে এবং আইনবিষয়ক কমিটির চেয়ারম্যান আর্চিল গর্দুলাদজেকেও প্রতিপক্ষের সদস্যদের ওপর আঘাত করতে দেখা গেছে।
সংঘর্ষের পর পার্লামেন্ট ভবনে জরুরি চিকিৎসাসেবা ডাকা হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীদের উপস্থিত থাকতে দেখা গেছে।
জর্জিয়ার সংসদের বসন্ত অধিবেশনের শেষ দিনে ঘটে যাওয়া এ ঘটনা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যেই প্রকাশ্যে সংসদ কক্ষে এমন সংঘর্ষ দেশটির রাজনৈতিক পরিবেশ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।