ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৩৬০ জন। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ শুক্রবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১৭২ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে দুর্গত এলাকায় উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবারের এ ভূমিকম্পে দেশটির ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত ৩৮৩টি ভবন, ১৩টি হাসপাতাল, ২৫টি শপিং সেন্টার এবং এক হাজারের বেশি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট সাধারণ মানুষকে আপাতত ওই এলাকায় যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন।
দুর্গতদের সহায়তায় জনগণের স্বতঃস্ফূর্ত আগ্রহের প্রশংসা করে জর্জ রদ্রিগেজ বলেন, সহায়তার এই মানসিকতাকে আমরা স্বাগত জানাই। তবে আহতদের হাসপাতালে নেওয়ার সড়কগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এ মুহূর্তে সবচেয়ে বড় সহযোগিতা হবে রাস্তাগুলো ফাঁকা রাখা, যাতে চিকিৎসা ও উদ্ধারকারী দল দ্রুত এবং কার্যকরভাবে তাদের কাজ পরিচালনা করতে পারে।