১০ জুন ২০২৬, ১৮:৩৯

কাশ্মীরে পাকিস্তানি হেলিকপ্টার বিধ্বস্ত 

সামরিক বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত  © সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মুজাফফরাবাদের কাছে দেশটির সামরিক বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১০ জুন) সকালের দিকের এই দুর্ঘটনায় হেলিকপ্টারটির সব আরোহী নিহত হয়েছেন বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটিতে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ‌‌“হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তা ও সেনাসদস্য শাহাদাত বরণ করেছেন। দুর্ভাগ্যবশত কেউ বেঁচে নেই।” তবে বিধ্বস্তের সময় ওই হেলিকপ্টারে সামরিক বাহিনীর ঠিক কতজন সদস্য ছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা এখনো প্রকাশ করেনি আইএসপিআর। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধার ও অনুসন্ধানকারী দলের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

আইএসপিআর আরও জানিয়েছে, এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্‌ঘাটন করতে ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির এবং সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা ও সদস্যরা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

পাকিস্তানি সামরিক বাহিনীতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় কারিগরি ত্রুটির জেরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সৈন্য নিহত হন। একই বছরের আগস্টে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি উদ্ধারকারী হেলিকপ্টার বৈরী আবহাওয়ার মুখে পড়ে মোহমান্দ জেলায় বিধ্বস্ত হলে দুই পাইলট ও তিন ক্রু সদস্যের প্রাণহানি ঘটেছিল।