আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ১৩
আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তান সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার অভিযোগ তুলেছে কাবুল। গতকাল মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে এ হামলাগুলো হয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। আফগানিস্থানের দাবি, হামলায় নিহত হওয়া বেশিরভাগই শিশু ছিল।
আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন। এছাড়া আরও ১৪ জন নারী ও শিশু আহত হয়েছেন। এ হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ ও ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
পাকিস্তানের পক্ষ থেকে এই হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইসলামাবাদ অতীতে স্বীকার করেছে যে, তারা আফগানিস্তানে টিটিপি (পাকিস্তান তালেবান) সংশ্লিষ্ট যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালায়।
আফগানিস্তানের খোস্ত প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, স্পেরা জেলায় একটি বাড়িতে হামলায় ৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পাক্তিকা প্রদেশের বারমাল জেলায় আরেকটি হামলায় আরও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের সবাই শিশু।
এ দিকে এ হামলার একদিন আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় টিটিপি সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় পাকিস্তানের ফেডারেল কনস্ট্যাবুলারির ৬ সদস্য নিহত হয়েছিল।
জানা যায়, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চলছে এবং সীমান্তে সংঘাত বেড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে সীমান্তে লড়াইয়ে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছে।