অনলাইন ছেড়ে রাজপথে ‘ককরোচ জনতা পার্টি’, চায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন হিসেবে যাত্রা শুরু করা ‘ককরোচ জনতা পার্টি’ এবার ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে সরাসরি রাজপথে নেমেছে। জাতীয় বিভিন্ন পরীক্ষায় সাম্প্রতিক অনিয়ম ও বিতর্কের যথাযথ সমাধান করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে দাবিতে বিক্ষোভ শুরু করেছে তারা। দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর এলাকায় আজ ৬ জুন বড় ধরনের কর্মসূচির পালন করছে সংগঠনটি।
আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
আন্দোলনের নেতৃত্বে থাকা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)–র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ইতিমধ্যেই বিদেশ থেকে ভারতে ফিরে এসে বিক্ষোভ কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছেন। দিল্লিতে পৌঁছানোর পর তাকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু হওয়া এই আন্দোলন বাস্তবে রাজপথে রূপ নেওয়ায় ভারতের রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তার নিজ বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত দিপকের বাড়িতে আগে একজন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করলেও এখন সেখানে একজন কর্মকর্তার নেতৃত্বে ১০ সদস্যের বিশেষ পুলিশ দল মোতায়েন করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে। এ বিষয়ে ছত্রপতি সম্ভাজিনগর পুলিশের জোন-১ এর উপ-পুলিশ কমিশনার পঙ্কজ অতুলকর বলেন, ‘প্রয়োজনে পরিস্থিতি পর্যালোচনা করে আরও জনবল মোতায়েন করা হবে।’
তিনি আরও জানান, দিপকের পরিবারের সদস্যদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে বলেন, ‘তারা আমার সঙ্গে যোগাযোগে নেই।’
দিল্লির যন্তর মন্তর–এ অনুষ্ঠিত এই বিক্ষোভকে রাজনৈতিক বিশ্লেষকরা ককরোচ জনতা পার্টির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন। অনলাইনে গড়ে ওঠা এই ব্যঙ্গাত্মক তরুণ আন্দোলন বাস্তবে দেশের মূলধারার রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়েই এখন আলোচনা চলছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় থাকা সিজেপির এই কর্মসূচিকে ঘিরে পুরো এলাকা থমথমে পরিস্থিতিতে রয়েছে এবং যন্তর মন্তর চত্বরকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।