যুদ্ধবিরতি বজায় রাখার লক্ষ্যে ইরানে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের, পালটা জবাব ইরানের
ইরানের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার জবাবে পালটা মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে তেহরান। যদিও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের এই কর্মকাণ্ডকে আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে অভিহিত করেছে।
এদিকে বৃহস্পতিবার (২৮ মে) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর তারা ওই অঞ্চলে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি ঘাঁটিটির অবস্থান সম্পর্কে কিছু জানায়নি। তবে কুয়েত জানিয়েছে, দেশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি প্রতিহত করেছে। যদিও সেগুলো কোথা থেকে এসেছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। এছাড়া কুয়েতে একটি মার্কিন ঘাঁটি রয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, সামরিক বাহিনী হরমুজ প্রণালির আশেপাশে হুমকি সৃষ্টি করা ইরানের চারটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। পঞ্চম ড্রোনটি উৎক্ষেপণ প্রস্তুতির সময়ই বন্দর আব্বাসের ওই সামরিক স্থাপনায় আঘাত করা হয়। ইরানের সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নতুন করে এই ঘটনা চলমান যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। যা তিন মাস ধরে চলা এই যুদ্ধ শেষ করার জন্য চলমান দীর্ঘ আলোচনার মাঝে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। তিন দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী বলছে, আত্মরক্ষার্থেই এসব হামলা চালানো হয়েছে। সেন্টকম তাদের এই কর্মকাণ্ডকে সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে অভিহিত করেছে। সেন্টকমের দাবি, এই হামলাগুলোর লক্ষ্য ছিল, ইরানি বাহিনীর তরফ থেকে আসা হুমকি থেকে আমাদের সেনাদের রক্ষা করা।
এদিকে এই হামলাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন অভিহিত করে নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান, তাদের সরকার কোনো শত্রুতার জবাব না দিয়ে ছাড়বে না।