২৩ মে ২০২৬, ২২:১৯

হজযাত্রীদের সতর্কবার্তা দিল সৌদি আরব 

প্রতীকী ছবি  © সংগৃহীত

তাপমাত্রা নিয়ে হজযাত্রীদের সতর্ক করলো সৌদি আরব। হজের অন্যতম স্থান পবিত্র মিনা ও মুজদালিফায় তাপমাত্রা তীব্রভাবে বাড়ছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আজ শনিবার (২৩ মে) মিনা ও মুজদালিফা উভয় স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে তারা। সৌদি সরকারের এই গুরুত্বপূর্ণ নোটিশের আলোকে বাংলাদেশি হজযাত্রীদের তীব্র গরমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

উদ্ভূত পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রস্তুতির স্তর বৃদ্ধি এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে সৌদির হজ মন্ত্রণালয়। একই সঙ্গে হাজিদের নিরাপত্তার স্বার্থে তাঁদেরকে সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় বাইরে হাঁটাচলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুপুরের তীব্র রোদের সময় হাজিরা যেন যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থান করেন, সে লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজযাত্রীদের রোদে বের হলে বাধ্যতামূলকভাবে ছাতা ব্যবহার এবং শরীর সতেজ রাখতে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করা হয়েছে। এ ছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার বিষয়ে হজযাত্রীদের উদ্বুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।