আরও দুইটি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়ে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান। তবে দুর্ঘটনার আগেই বিমানে থাকা চারজন ক্রু প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
রোববার আইডাহোর মাউন্টেইট হোম এয়ার ফোরস বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’-তে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়ানো বিমান দুটি ছিল মার্কিন নৌবাহিনীর ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান। সময়মতো ইজেক্ট করতে পারায় চারজন ক্রুই প্রাণে বেঁচে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে যায়। মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। একই সময় চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতেও দেখা যায়।
মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনায় পড়া যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক ছিল।
দুর্ঘটনার পরপরই এয়ার শো বাতিল করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।