১৭ মে ২০২৬, ২২:৫১

‘ডার্লিং তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি’-ছাত্রীর উদ্দেশ্যে শিক্ষক

অভিযুক্ত শিক্ষক পরমজিৎ সিং  © সংগৃহীত

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে এক নারী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগে ভারতের লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পরমজিৎ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের সাথে ভুক্তভোগী ছাত্রীর একটি আপত্তিকর ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। গতকাল শনিবার (১৬ মে) ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফাঁস হওয়া অডিও ক্লিপে ওই অধ্যাপককে বলতে শোনা যায়, ‘ডার্লিং, তোমার জন্য দুটি প্রশ্নপত্র জোগাড় করেছি। কবে দেখা করতে আসবে?’ জবাবে বিএসসি পড়ুয়া ওই ছাত্রী জানান, তাঁর পড়ালেখা শেষ এবং প্রশ্নপত্রের কোনো প্রয়োজন নেই। এরপরও অধ্যাপক তাকে পরীক্ষার আগে সাত দিনের মধ্যে দেখা করতে চাপ দেন এবং অডিওর শেষ অংশে ছাত্রীটি অভিযোগ করেন যে, তাকে আবারও শারীরিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যেই ডাকা হচ্ছে। 

এই ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অডিও ক্লিপসহ লিখিত অভিযোগ জমা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন লখনউ থানায় মামলা দায়ের করে, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

লখনউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জে পি সাইনি ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে ‘অভ্যন্তরীণ অভিযোগ কমিটি’কে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, গ্রেপ্তার হওয়া সহকারী অধ্যাপক পরমজিৎ সিং তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের ‘অভ্যন্তরীণ রাজনীতির’ শিকার বানিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। 

এই ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ সমাবেশ করেছে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবী, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এমন অপরাধে কাউকেই ছাড় দেওয়া হবে না।