সৌদি আরবে ঈদুল আজহা কবে, জানা যাবে আজ
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আজ রবিবার (১৭ মে) নির্ধারিত হতে যাচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহার তারিখ। এ লক্ষ্যে গত শুক্রবার এক বিশেষ ঘোষণায় দেশটির সুপ্রিম কোর্ট সাধারণ নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।
আজ রবিবার সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন। আজ সন্ধ্যায় যদি আরবের আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়, তবে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে পালিত হবে।
আরও পড়ুন: দুপুরের মধ্যে যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আজ বিশ্বের বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা প্রবল। সেই হিসেবে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।
সংস্থাটি আরও জানায়, আজ পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা সম্ভব হতে পারে। তবে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলও জানিয়েছে, আজ ১৭ মে সন্ধ্যায় ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় জাতীয় পর্যায়ে এই চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাত দিবস এবং ১০ তারিখ ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হয়। আজকের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে এই বছরের হজের মূল তারিখ।