১৬ মে ২০২৬, ০৮:৫৮

সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

জিলহজ মাসের চাঁদ  © সংগৃহীত

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামীকাল রবিবার (১৭ মে) সৌদিতে জিলকদ মাসের ২৯তম দিন হওয়ায় ওইদিন সন্ধ্যায় আকাশে জিলহজের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৫ মে) এক ঘোষণায় সৌদির সুপ্রিম কোর্ট এ আহ্বান জানায়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ১৭ মে দেশটির পূর্ব আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা। তবে ওইদিন চাঁদ দেখা না গেলে ২৭ মে হজ এবং ২৮ মে ঈদুল আজহা পালিত হবে।

সৌদির জ্যোতির্বিজ্ঞান সংশ্লিষ্ট পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, ১৭ মে সূর্যাস্তের পর খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কেউ চাঁদ দেখতে পেলে তিনি যেন দ্রুত সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটিকে বিষয়টি অবহিত করেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ওইদিন চাঁদ দেখা যেতে পারে।

আইএসি বলছে, সেই হিসাবে বিশ্বের বেশির ভাগ দেশে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়, ১৭ মে বিভিন্ন মুসলিম দেশ জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।