১৫ মে ২০২৬, ২১:৫৪

প্রেমিকের সঙ্গে পালাতে নিজের বাড়িতেই ডাকাতি করালেন প্রেমিকা

অভিযুক্ত আরিবা, তাঁর প্রেমিক আরশাদ ওয়ারসি  © সংগৃহীত

ভিন্ন জাতের প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় প্রেমিকের সঙ্গে পালিয়ে নতুন জীবন শুরু করতে নিজের বাড়িতেই ১ কোটি ২০ লাখ টাকার দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত করিয়েছেন এক তরুণী। শুক্রবার (১৫ মে) ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে এক পিতল ব্যবসায়ীর বাড়িতে ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করে ওই ব্যবসায়ীর মেয়েসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। খবর ইন্ডিয়া টুডের

গ্রেফতারকৃতরা হলেন— ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা, তাঁর প্রেমিক আরশাদ ওয়ারসি এবং তাদের তিন সহযোগী।

মুরাদাবাদ পুলিশ জানায়, গত ১১ মে ভোর ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর তারা বাড়ি থেকে নগদ প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে এবং প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরার ডিভিআরটিও সঙ্গে নিয়ে যায়। 

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ইমরানের মেয়ে আরিবা গত সাত-আট বছর ধরে আমরাহ জেলার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। ভিন্ন জাতের কারণে পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় তারা দুজনে মিলে বাড়ি লুটের এই ছক আঁকেন।

পরিকল্পনা অনুযায়ী, আরিবা তাঁর প্রেমিককে বাড়িতে কত টাকা রাখা আছে সেই তথ্য দেওয়ার পাশাপাশি এক মাস আগেই বাড়ির প্রধান ফটকের চাবি সরবরাহ করেছিলেন। ঘটনার দিন রাতে আরিবা নিজেই ভেতর থেকে ঘরের ডিজিটাল লকটি খুলে দেন, যাতে ডাকাতরা সহজেই ভেতরে প্রবেশ করতে পারে। 

গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ৪৭ লাখ ২৪ হাজার রুপি নগদ টাকা, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন এবং দুটি গাড়ি উদ্ধার করেছে। বাকি টাকা ও অলঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি গ্রেফতারকৃত পাঁচজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজের মেয়ের এমন চরম বিশ্বাসভঙ্গতায় ওই ব্যবসায়ীর পরিবারে এখন গভীর শোক ও বিস্ময়ের ছায়া নেমে এসেছে।