মা-বাবাকে বেড়াতে নিতে খরচ ও ৩ দিনের ছুটি দিল অফিস
বাবা-মাকে বেড়াতে নেওয়ার জন্য ভারতের একজন উদ্যোক্তা তার কর্মচারীদের তিন দিনের সবেতনে ছুটি ও ১০ হাজার রুপি ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার (১০ মে) মা দিবস উপলক্ষে এ ঘোষণা দেন তিনি।
দিল্লির একটি মার্কেটিং ও পিআর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রজত গ্রোভার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, তিনি চান অফিসের কর্মীরা তাদের বাবা-মায়ের সঙ্গে কিছু সময় কাটাক এবং মা-বাবার সঙ্গে সম্পর্ক পুনরায় জোরালো করুক, কারণ আধুনিক জীবনের ব্যস্ততায় সন্তানেরা প্রায়ই তাদের বাবা-মায়ের অপূর্ণ স্বপ্নগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রজত গ্রোভার আরও বলেন, মাঝে মাঝে আমরা আমাদের মা-বাবাকে জিজ্ঞেস করি না, আমরা আমাদের নিজেদের জীবনযাত্রায় ব্যস্ত থাকি। সকালে বের হই আর রাতে বাড়ি ফিরি। আমরা কখনো কখনো জিজ্ঞেসও করি না তারা কেমন আছে। আমরা তাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক সময় কিছুই জানি না।
রজত গ্রোভার ভিডিও বার্তায় তিন দিনের ছুটি ঘোষণা করেন এবং কর্মচারীদের তাদের বাবা-মাকে প্রিয় খাবার ও আজীবন ভ্রমণের স্বপ্ন দেখা স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে উৎসাহিত করেন। গ্রোভার বলেন, তাদের বলুন, টিকিট বুক করুন, তিন দিনের জন্য ব্যাগপত্র গুছিয়ে নিন। এটি কোম্পানির পক্ষ থেকে সবেতন ছুটি হবে। আমরা এর জন্য ১০ হাজার রুপি প্রদান করব। এটি আমাদের পক্ষ থেকে একটি প্রাথমিক পদক্ষেপ।
রজত গ্রোভার তার ভিডিওর ক্যাপশনে লেখেন, যারা সারাজীবন আমাদের ‘হ্যাঁ’ বলে এসেছেন, আমরা তাঁদেরকে কেবলই ‘একদিন’ বলে নিই। আমাদের বাবা-মা কোনো প্রতিদান না চেয়েই তাঁদের সময়, স্বপ্ন, শক্তি এবং জীবনের মূল্যবান বছরগুলো আমাদের দিয়েছেন।
রজত আরও লেখেন, হয়তো এখন সময় এসেছে তাদেরকে একটি প্রশ্ন করার–এমন কী আছে যা আপনি সবসময় করতে চেয়েছেন? এবং তারপর নীরবে সেটার বাস্তবে রূপ দেওয়া যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা রজত গ্রোভারের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং অন্যান্য কোম্পানিকেও একই পথ অনুসরণের আহ্বান জানান।