শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দেশটির অত্যন্ত প্রভাবশালী ও উচ্চপদস্থ এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করা হয়েছে, যা দেশটির ধর্মীয় মহলে এ যাবৎকালের সবচেয়ে আলোচিত অপরাধের মামলা হিসেবে দেখা হচ্ছে। ৭১ বছর বয়সী পাল্লেগামা হেমারথানা নামের ওই ভিক্ষুকে গত শনিবার রাজধানী কলম্বোর একটি বেসরকারি হাসপাতাল থেকে হেফাজতে নেয় পুলিশ, যেখানে তিনি অপরাধ তদন্ত চলাকালীন চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। খবর আল জাজিরার
অনুরাধাপুরার অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয় মন্দিরের প্রধান পুরোহিত হেমারথানার বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালে তিনি ওই মন্দিরের ভেতরেই শিশুটিকে যৌন নির্যাতন করেন। এই ঘটনায় সহায়তার অভিযোগে শিশুটির মাকেও গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
অনুরাধাপুরার চিফ ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ভিক্ষুকে ‘বিলম্ব না করে’ গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়ার পর পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে শিশু সুরক্ষা কর্তৃপক্ষ এই প্রভাবশালী ধর্মীয় নেতার গ্রেফতার প্রক্রিয়ায় কালক্ষেপণ হচ্ছে বলে অভিযোগ তুলেছিল এবং তার দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মামলার পরবর্তী পদক্ষেপগুলো ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। শ্রীলঙ্কায় এর আগে যাজক বা ভিক্ষুদের বিরুদ্ধে শিশু নির্যাতনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও, হেমারথানাই এখন পর্যন্ত গ্রেফতার হওয়া সবচেয়ে সিনিয়র বা জ্যেষ্ঠ ধর্মীয় নেতা।
সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একাধিক বিতর্কিত ঘটনা সামনে আসছে। গত মাসেও কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগভর্তি ১১০ কেজি গাঁজা পাচারের অভিযোগে ২২ জন ভিক্ষুকে গ্রেফতার করা হয়েছিল, যা ওই বিমানবন্দরটির ইতিহাসে মাদক পাচারের বৃহত্তম ঘটনাগুলোর একটি।
তবে এবারের যৌন নিপীড়নের মামলাটি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের নৈতিকতা নিয়ে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখানো বা মামলা প্রভাবিত করার চেষ্টা রুখতে কর্তৃপক্ষ এখন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।