০৯ মে ২০২৬, ০৯:০২

খালি চেয়ারে রাখা হয় লিমন-বৃষ্টির গাউন-টুপি, চোখে পানি সহপাঠী-শিক্ষকদের

নাহিদা-বৃষ্টি   © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে তাদের স্মরণে খালি চেয়ারে গাউন ও টুপি সাজিয়ে রাখা হলে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সহপাঠী, শিক্ষক ও উপস্থিত অনেকের চোখে পানি দেখা যায়।

সমাবর্তন অনুষ্ঠানে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে তাদের জন্য নির্ধারিত দুটি চেয়ার খালি রাখা হয়েছে। সেই চেয়ারগুলোতে তাদের অ্যাকাডেমিক গাউন ও টুপি রাখা ছিল। পুরো অনুষ্ঠানস্থলে নেমে আসে গভীর শোক ও আবেগের পরিবেশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত অনুষ্ঠিত ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে এই দুই বাংলাদেশি শিক্ষার্থীকেও ডিগ্রি দেওয়া হয়েছে। এ বছর ডক্টরাল ডিগ্রিধারী ৩৯৩ জনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় লিমন ও বৃষ্টির নাম।

লিমন ও বৃষ্টির সনদ

শুক্রবার সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানের শুরুতে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নির্ধারিত রেগালিয়ায় সজ্জিত দুটি খালি চেয়ার মঞ্চের সামনে রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লিমন ও বৃষ্টির স্মৃতিচারণ করতে গিয়ে অনেক সহপাঠী ও শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের শিক্ষা জীবনের দীর্ঘ পরিশ্রম ও গবেষণার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় এই মরণোত্তর ডিগ্রি প্রদান করেছে।

উল্লেখ্য, জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে জামিলের দেহাবশেষ উদ্ধার করা হয়। এর দুই দিন পর একই এলাকার একটি ম্যানগ্রোভ বন থেকে উদ্ধার করা হয় বৃষ্টির দেহাবশেষ।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সে কারাগারে রয়েছে।