০৭ মে ২০২৬, ১০:৩৪

নতুন ভাইরাসের প্রাদুর্ভাব, আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন

হান্টা ভাইরাস   © টিডিসি ফটো

এমভি হোন্ডিয়াস নামের একটি প্রমোদতরিতে বিরল হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ৩ জন যাত্রী মারা গেছেন। প্রমোদতরিটিতে আরও অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। নেদারল্যান্ডসের পতাকাবাহী এই জাহাজে বর্তমানে ২৩টি দেশের ১৪৯ জন আরোহী রয়েছেন। সংক্রমণের কারণে কর্তৃপক্ষ বর্তমানে জাহাজটিকে কেপ ভার্দে উপকূলের কাছে আইসোলেশনে রেখেছে।

ভাইরাসটি মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। বিশেষজ্ঞরা জানান, আক্রান্ত ইঁদুরের মূত্র, বিষ্ঠা বা লালা শুকিয়ে বাতাসে মিশে যায়। মানুষ নিশ্বাসের মাধ্যমে এই দূষিত বাতাস গ্রহণ করলে শরীরে ভাইরাসটি প্রবেশ করে। এছাড়া আক্রান্ত ইঁদুরের কামড় বা আঁচড় থেকেও মানুষ এই রোগে সংক্রমিত হতে পারে। তবে এই ভাইরাসের কোনো নির্দিষ্ট টিকা বা ওষুধ নেই।

গত ১ এপ্রিল এক ডাচ দম্পতি আর্জেন্টিনা থেকে এই জাহাজে ওঠেন। ৬ এপ্রিল তাদের শরীরে প্রথম উপসর্গ দেখা দেয় এবং পরে তারা দুজনেই মারা যান। এরপর ২ মে একজন জার্মান নারী যাত্রী তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। বর্তমানে আরও বেশ কয়েকজন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতির ভয়াবহতা দেখে নেদারল্যান্ডস থেকে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক জাহাজে গিয়েছেন।

নিরাপত্তা ঝুঁকির কারণে কেপ ভার্দে কর্তৃপক্ষ জাহাজটিকে বন্দরে ভিড়তে দেয়নি। ক্যানারি দ্বীপপুঞ্জও জাহাজটিকে নোঙর করার অনুমতি দিতে রাজি হয়নি। ক্যানারি দ্বীপপুঞ্জের নেতা ফার্নান্দো ক্লাভিজো এক সাক্ষাৎকারে বলেন, ‘জনসাধারণকে আশ্বস্ত করার বা তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পর্যাপ্ত তথ্য আমাদের কাছে নেই।’ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাহাজটির ঝুঁকি মূল্যায়ন ও জীবাণুমুক্তকরণ নিয়ে কাজ করছে। মূলত ইঁদুরের সংস্পর্শ থেকে দূরে থাকাই এই সংক্রমণ থেকে বাঁচার প্রধান উপায়।