০৭ মে ২০২৬, ০৭:৫৩

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

শুভেন্দু অধিকারী ও তার পিএস   © টিডিসি ফটো

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন গাড়িচালক বুদ্ধদেব বেরা। বুধবার (৬ মে) রাতে কলকাতার মধ্যমগ্রামের দোহারিয়াতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাতে চন্দ্রনাথ রথের গাড়ির পিছু নেয় একদল দুর্বৃত্ত। পরে মধ্যমগ্রামের দোহারিয়াতে তার গাড়ি লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চন্দ্রনাথ ও গাড়িচালক বুদ্ধদেব বেরা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চন্দ্রনাথ রথকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বুদ্ধদেব বেরাকে কলকাতার বাইপাস এলাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজেপির একটি সূত্র জানিয়েছে, ভবানীপুর বিধানসভা আসনে শুভেন্দু অধিকারীর নির্বাচনি প্রচারণায় যে টিম কাজ করেছিল, চন্দ্রনাথ রথ ছিলেন সেই দলের অন্যতম সদস্য। গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সঙ্গে যুক্ত ছিলেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এবারের নির্বাচনে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর পাশাপাশি নন্দীগ্রাম আসনেও টানা তৃতীয়বারের মতো জয় নিশ্চিত করেন তিনি।

বুধবার শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে তিনি একটি আসন ছেড়ে দেবেন। তবে কোন আসনটি ছাড়বেন, সে সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব নেবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভায় দলীয় নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হতে পারে।