২৩৩ আসনের ফল প্রকাশ, বিজেপি-তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৩৩ আসনের ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিজেপি পেয়েছে ১২৫টি আসন, তৃণমূল কংগ্রেস ১০৫টি এবং কংগ্রেস পেয়েছে ২টি আসন, অন্যান্য ১। খবর এবিপি আনন্দ।
স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। শুরুতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হয়। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর ভোট গণনা চলছে। সরকার গঠন করতে প্রয়োজন ১৪৮ আসন।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন ভোট বাতিল করেছে। ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হবে ২১ মে এবং গণনা হবে ২৪ মে। ফলে আজ ২৯৩ আসনের ভোট গণনা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে ২০১১ সালে বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনেও বড় ব্যবধানে জয় পেয়ে নিজেদের অবস্থান শক্ত করে দলটি। ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে সামনে রেখে তৃণমূল সরকার টানা ক্ষমতায় রয়েছে।
অন্যদিকে, ২০১৬ সালের পর থেকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে শুরু করে বিজেপি। ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে দলটি নিজেদের ভোটের হার বাড়ায়। বিপরীতে বাম ও কংগ্রেস জোট ক্রমেই দুর্বল হয়ে পড়ে।
বুথ ফেরত সমীক্ষায় বিভিন্ন ইঙ্গিত থাকলেও চূড়ান্ত ফল নির্ভর করছে ইভিএমের গণনার ওপর। এদিনের ফলাফলেই নির্ধারিত হবে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ধরে রাখা নাকি বিজেপির উত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটছে।
যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।