ঈদুল আজহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ৯ দিনের ছুটি ঘোষণা আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় তৃতীয় শিক্ষাবর্ষের মিডটার্ম ব্রেক এবং ঈদুল আজহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ৯ দিনের ছুটির ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদিত শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ২৯ মে (সোমবার থেকে শুক্রবার) পর্যন্ত শিক্ষার্থীসহ প্রশাসনিক ও শিক্ষকদের জন্য এই ছুটি কার্যকর থাকবে। এর সাথে আগে ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিরতির পর ১ জুন থেকে পুনরায় পাঠদান শুরু হবে। চূড়ান্ত পরীক্ষার আগে শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাই ও দুর্বলতা চিহ্নিত করতে ১৫ ও ১৬ জুন মক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৭ জুন হিজরি নববর্ষের সরকারি ছুটি থাকবে। সবশেষে ২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সব গ্রেডের চূড়ান্ত মূল্যায়ন বা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় ৩ জুলাইকে চলতি শিক্ষাবর্ষের শেষ দিন হিসেবে নির্ধারণ করেছে। তবে যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে উত্তীর্ণ হতে পারবে না, তাদের জন্য ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত মেক-আপ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফলাফল ১২ ও ১৩ জুলাই প্রকাশ করা হবে। এরপর ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২০ জুলাই এর ফলাফল বিশ্লেষণ ও প্রকাশ করা হবে।