০২ মে ২০২৬, ২২:৫২

‘বিদায় বন্ধু’ - জামিল লিমনকে হারিয়ে অঝোরে কাঁদছেন শিক্ষক

নিহত দুই শিক্ষার্থী   © সংগৃহীত

বাংলাদেশ থেকে বুকভরা স্বপ্ন নিয়ে ল্যান্ড অফ অপরচুনিটি খ্যাত যুক্তরাষ্ট্রে পিএইচডি পড়তে গিয়েছিলেন জামিল লিমন। তবে শেষ হলোনা তার বহুল কাঙ্ক্ষিত পিএইচডি জার্নি। ঘাতকের নির্মমতায় নিভে গেল জামিলের প্রাণ। শনিবার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় জামিলের স্মরণে আয়োজিত ফিউনেরালে জামিলকে শেষবারের মতো বিদায় জানাতে এসে অঝোরে কাঁদলেন তার পিএইচডি অ্যাডভাইজার। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় জামিলের পিএইচডি উপদেষ্টা জামিলের সঙ্গে শেষ স্মৃতি বলতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘সে সত্যিকার অর্থেই খুব দয়ালু ছিল। খুব মজা করতে ভালোবাসত এবং সবসময় হাসিখুশি থাকতো।’

জামিলকে নিয়ে অস্ফুট বাংলায় তিনি আরও বলেন, ‘আমরা তোমাকে মিস করব জামিল। বিদায় বন্ধু (গুড বাই)।’ 

গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে তিনদিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃষ্টির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি নিহত জামিলের রুমমেট। 

গ্রেপ্তারকৃত হিশামের বিরুদ্ধে ছয়টি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে— পারিবারিক সহিংসতা, সাধারণ প্রহার, কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা, কারও মৃত্যু সংবাদ পুলিশকে না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানো বা নাড়াচাড়া করা।