০১ মে ২০২৬, ২১:০১

গ্যাস ও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে ভারত 

প্রতীকী ছবি  © সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে টান পড়ায় বাণিজ্যিক রান্নার গ্যাস (এলপিজি) এবং আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির (জেট ফুয়েল) দাম এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এই দেশটি তার প্রয়োজনীয় এলপিজির প্রায় ৬০ শতাংশই আমদানির মাধ্যমে মেটায়, যা বর্তমানে যুদ্ধের কারণে চরম সংকটের মুখে পড়েছে। খবর আল জাজিরার

ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড জানিয়েছে, বাল্ক এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ১৯ কেজির একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৩ রুপি (প্রায় ১০.৫০ ডলার) বাড়ানো হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই বৃদ্ধির হার প্রায় ৪৮ শতাংশ। স্থানীয় করের পার্থক্যের কারণে শহরভেদে এই দাম কিছুটা কম-বেশি হতে পারে।

বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি উড়োজাহাজের জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের দামও বেড়েছে। দিল্লিতে এই জ্বালানির দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে আইওসিএল-এর ক্যাটালগে দেখা গেছে। 

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ভারত জ্বালানির জন্য আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের পথ সংকুচিত হওয়ায় এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় অভ্যন্তরীণ বাজারে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম এখনই বাড়ানো না হলেও বাণিজ্যিক গ্যাসের এই বিশাল মূল্যবৃদ্ধি পরোক্ষভাবে খাদ্য ও অন্যান্য সেবার দাম বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।