০১ মে ২০২৬, ১৯:৩৯

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান

প্রতীকী ছবি  © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে নিজেদের সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে ইরান। শুক্রবার (১ লা মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা  এই তথ্য নিশ্চিত করেছে। খবর গার্ডিয়ানের

দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে আলোচনা স্থবির হয়ে থাকার পর ইরানের এই নতুন পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান এবং অন্যদিকে ইরানের তেলবাহী ট্যাংকার চলাচল রুখতে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধের ফলে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের এই প্রস্তাবটি এমন এক সময়ে এল যখন ট্রাম্প প্রশাসন দাবি করছে যে, এপ্রিলের শুরুতে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির মাধ্যমেই যুদ্ধ শেষ হয়ে গেছে। মূলত আজ মার্কিন কংগ্রেসের কাছ থেকে যুদ্ধ দীর্ঘায়িত করার অনুমতি নেওয়ার যে আইনি সময়সীমা ছিল, তা এড়াতেই হোয়াইট হাউস এমন ব্যাখ্যা দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তবে যুদ্ধবিরতি চললেও মাঠপর্যায়ে এখনো সামরিক ও অর্থনৈতিক পাল্টাপাল্টি ব্যবস্থা বজায় রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো এই নতুন প্রস্তাবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং সমুদ্রপথে অবরোধ তুলে নেওয়ার বিষয়ে কী কী শর্ত রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের এই সংকটের ভবিষ্যৎ।