০১ মে ২০২৬, ১৪:০২

‘ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র’

মাসুদ পেজেশকিয়ান  © সংগৃহীত

ইরানে ফের হামলার আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে। ওয়াশিংটনের প্রতি ইরানের আস্থা এখন ‘সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে’।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন বলে আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান বলেন, সংলাপ ও কূটনীতি সব সময়ই ইরানের অগ্রাধিকার ছিল। তবে তিনি অভিযোগ করেন, ‘অতীতে আলোচনা চলার সময়ই যুক্তরাষ্ট্র ও জায়োনিস্ট শাসনগোষ্ঠী (ইসরায়েল) দুই দফা ইরানে হামলা চালিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের হামলার আশঙ্কা রয়েছে। এ কারণেই যুক্তরাষ্ট্রের ওপর ইরান আর কোনো আস্থা রাখতে পারছে না।’

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও এর নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। [সূত্র: মিডল ইস্ট মনিটর]