১৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

৬ বিমানবন্দর ফের চালু করল ইরান

বিমানবন্দর  © সংগৃহীত

ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর এবার দেশটির ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) ইরানের অ্যাসোসিয়েশন অব অ্যারোনটিক্যাল এয়ারলাইন্স এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার

নতুন করে চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তেহরানের প্রধান দুই বিমানবন্দর; ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এ ছাড়াও মাশহাদ, বিরজান্দ, গোরগান এবং জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো থেকে এখন বিমান চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে।

ইরানের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, আপাতত দেশটির পূর্বাঞ্চলীয় আকাশপথ আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিমানবন্দরগুলো চালু হওয়ার ফলে এয়ারলাইন্সগুলো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে পুনরায় ফ্লাইট শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তবে সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে সব বিমানবন্দর থেকে স্বাভাবিক ফ্লাইট অপারেশন শুরু হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। বর্তমানে পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আবহে বিমানবন্দরগুলো খুলে দেওয়ার এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।